শনিবার, আগস্ট ০৮, ২০২৭

৭ তলা আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ৬ জনের মৃত্যু

WP Import ১৬ জানুয়ারি ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন ঢাকা
WP Import ১৬ জানুয়ারি ২০২৬ ০৪:০৮ অপরাহ্ন

৭ তলা আবাসিক ভবনে আগুনে দুই পরিবারের ৬ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২ পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের ছেলে কাজী ফাইয়াজ রিশান (২) এক ফ্ল্যাটে থাকতেন। অন্য পরিবারের সদস্যরা হলেন মো. হারিছ উদ্দিন (৫২), তার ছেলে মো. রাহাব (১৭) এবং হারিছের ভাতিজি রোদেলা আক্তার (১৪)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরে ওই ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। তিনি বলেন, ঘটনাস্থল থেকে মোট ১৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। উত্তরা পশ্চিম থানার ওসি রফিক আহমেদ বলেন, ছয়জনের মৃত্যু হয়েছে, নিহতরা দুই পরিবারের সদস্য। তারা পঞ্চম ও ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাটে থাকতেন। রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়ে। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসে চাকরি করতেন। তার স্ত্রী সুবর্ণা চাকরি করতেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসে। তাদের আরেক ছেলে ফাইয়াজ উত্তরায় নানীর বাসায় থাকায় বিপদ থেকে বেঁচে গেছে বলে পরিবারের সদস্যরা জানান। সুবর্ণাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাব্বির মরদেহ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রিশানের মরদেহ ঢাকা স্পেশালাইজড হাসপাতালে রয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দোতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। গ্যাস সংযোগ অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমাদের ধারণা।