বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

৪৮ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধ না করলে ঢাকা অবরোধের ঘোষণা ॥ সুযোগ দিতে নারাজ খেলাফত মজলিসও

WP Import ২২ মার্চ ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ন ঢাকা
WP Import ২২ মার্চ ২০২৫ ০৩:৫৪ অপরাহ্ন

‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সংগঠন এর কর্মসূচী

৪৮ ঘণ্টার মধ্যে আ’লীগ নিষিদ্ধ না করলে ঢাকা অবরোধের ঘোষণা ॥ সুযোগ দিতে নারাজ খেলাফত মজলিসও

আওয়ামীলীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। এসময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সারাদেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা দিয়েছে তারা। শনিবার (২২ মার্চ) আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল শেষে অবস্থান নিয়ে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। অন্যদিকে, আওয়ামীলীগকে বিচারের আগে নির্বাচনের সুযোগ না দেওয়ার ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দাবি জানিয়েছে খেলাফত মজলিস। এসময় ওয়ারিয়র্স অফ জুলাই এর নেতৃবৃন্দ বলেন, আমাদের পঙ্গুত্বের থেকে বের করে সাধারণ জীবন ফিরিয়ে না দিয়ে, আমাদের শহীদদের জীবন ফিরিয়ে না দিয়ে আওয়ামীলীগের পুনর্বাসন এদেশে করতে দেওয়া হবে না। রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে এসময় শিক্ষার্থীরা বলেন, সতর্ক হয়ে যান, নইলে আর একটি জুলাই দেখতে হবে। শুধরে যান, নইলে আপনাদের অবস্থাও আওয়ামীলীগের মতোই হবে।

তারা আরও বলেন, আমরা বুলেটের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি আমাদের ভয় দেখবেন না। খুনি হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আমারা রাজপথ ছাড়ব না। জুলাই আন্দোলন কেবল নির্বাচনের জন্য হয়নি। মানুষের বাকস্বাধীনতা এবং সমতা, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য হয়েছে। যা বাংলাদেশ স্বাধীনতার এত বছরেও পায়নি। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন জুলাই যোদ্ধারা। এদিকে, আ’লীগকে বিচারের আগে নির্বাচনের সুযোগ না দেওয়ার ব্যাপারে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দাবি জানিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২২ মার্চ) সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, ১৬৬টি প্রশ্নমালার স্প্রেডশিটের ১৪০টিতে একমত পোষণ করেছে কমিশন। ১০টিতে একমত নয় এবং ১৫টিতে আংশিক ও একটিতে আলোচনার প্রয়োজন রয়েছে। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারের দিকে গুরুত্ব দেওয়া হয়েছে, যা ১০ মাসের মধ্যে করা সম্ভব বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব। সংস্কার কার্যক্রমে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের মূল সংলাপ শুরু হয় গত বৃহস্পতিবার (২০ মার্চ)। প্রথম দল হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে সংলাপে বসে কমিশন।
এরই ধারাবাহিকতায় শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টায় খেলাফত মজলিশের প্রতিনিধি দলের সঙ্গে সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সংলাপে নেতৃত্ব দেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ এবং খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের।