দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান-নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
তারেক রহমান দাঁড়ালেন মাটিতে-ছুঁয়ে দেখলেন মাতৃভূমি
দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে তারেক রহমান-নেতাকর্মীদের বাঁধভাঙা উচ্ছ্বাস
দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার স্বদেশে প্রত্যাবর্তন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে রওনা হয়ে প্রথমে সিলেটে সংক্ষিপ্ত যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দেশের মাটিতে দাঁড়িয়ে তারেক রহমান মাতৃভূমির মাটি ছুঁয়ে দেখেন। হাতে মাটি নিয়ে জন্মভূমির মাটিকে স্মরণ করেন তিনি। প্রিয় মাতৃভূমিতে ফেরার আনন্দ। বহু দিনের জমাট স্মৃতি, চেপে রাখা কতকথা। স্মিত হাসির আড়ালে আটকে রাখা আবেগ। সবমিলিয়ে এক আনন্দঘন আবহ। দীর্ঘ নির্বাসনের আকুলতার যেনো বাঁধ ভাঙল, বিমানবন্দরে নেমেই তাই হয়তো জাগলো মাতৃভূমির মাটি ছোঁয়ার সাধ। তাইতো বিমানবন্দর থেকে বেরিয়েই কাছের বাগানে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারেক রহমান। এ সময় তিনি একমুঠো মাটিও হাতে তুলে নেন। যেন প্রিয় স্বদেশকে স্পর্শ করার বহু বাসনার অবসান হলো এতেই। বিমান থেকে নেমে পরিবার ও নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বের হন তিনি। এর আগে সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে।

বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান সেখানে উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের প্রতি হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা বিনিময় করেন। এরপর তিনি একটি বিশেষভাবে প্রস্তুতকৃত লাল-সবুজ রঙের বাসে করে বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ জনসমুদ্রের মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট এলাকা) অভিমুখে রওনা হন। তারেক রহমানকে বহনকারী বাসটি অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছিল। বাসের দুই পাশে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশাল প্রতিকৃতি স্থাপন করা হয়। নিরাপত্তার স্বার্থে বাসের জানালাগুলো বিশেষ নিরাপত্তা কাচে আবৃত করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পথে পথে জনস্রোত ঠেলে পূর্বাচলের ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে উঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় নেতাকর্মীদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্ব¡াস দেখা যায়। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছায় তারেক রহমানের বহনকারী বাসটি। এরপর বাস থেকে নেমে মঞ্চে ওঠেন তিনি। সরেজমিনে দেখা যায়, তারেক রহমানকে একনজর দেখতে সড়কের দু’পাশে অবস্থান নেন হাজারো সমর্থক ও নেতাকর্মী।

পথে পথে মানুষের জনস্রোত ঠেলে সংবর্ধনা মঞ্চের পথে এগিয়ে যায় গাড়িবহর। এসময় নেতাকর্মীদের দেখে হাসিমুখে হাত নাড়েন তারেক রহমান। তারেক রহমান ৩০০ ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা সমাবেশে উপস্থিত লাখো নেতাকর্মীর উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। সমাবেশ শেষে তিনি সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তাঁর মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে। সবশেষে গুলশানের বাসভবনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিপুল উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নেতাকর্মীদের উপস্থিতিতে বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে পর্যন্ত পুরো এলাকা এখন উৎসবের নগরীতে পরিণত হয়।