বৃহস্পতিবার, অক্টোবর ০৮, ২০২৭

সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

WP Import ১২ নভেম্বর ২০২৩ ০৫:৫৮ অপরাহ্ন ঢাকা
WP Import ১২ নভেম্বর ২০২৩ ০৫:৫৮ অপরাহ্ন

সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। রোববার সকাল সোয়া ৮টায় মিরপুর-১৩ নম্বরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন কয়েকশ শ্রমিক। এরপর তারা মিরপুর ১০ নম্বরে এসে অবস্থান নেন। অবরোধে মিরপুর ১৩, ১৪ ও ১০ নম্বরে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে মূল সড়কসহ আশপাশের সড়কে যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেয়া গার্মেন্টস শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ নম্বরের ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসসহ আশপাশের ১০টি গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে তা তারা মানেন না। মিরপুর মডেল থানার ওসি মো. মহসিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ১০ নম্বরের সড়কে অবস্থান নিয়ে পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পরে ২ ঘণ্টা অবরোধের পর তারা রাস্তা থেকে সরে যান। মজুরি বাড়ানোর দাবিতে গত ২৩ অক্টোবর থেকে শ্রমিকদের শুরু করা আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার পোশাক খাতের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করে। তবে নতুন বেতনকাঠামো প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শ্রমিকেরা। তারা নূন্যতম মজুরি ২৩-২৫ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষের দেওয়া ১২ হাজার ৫০০ টাকার প্রস্তাবই চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়। পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি ঘিরে সহিংস বিক্ষোভের ঘটনায় ঢাকার অদূরে সাভার ও ধামরাইয়ে ১৩০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ কারখানা না খোলার ইঙ্গিত দিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ।