ফরিদপুর মেডিকেলে হামের উপসর্গে ১৬ মাস বয়সী শিশুর মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে সাদি নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাদি যশোরের শাসরা ধান্যখোলা গ্রামের বাসিন্দা খাইরুলের ছেলে। রোববার (১৯ এপ্রিল) সকালে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ নিয়ে ফরিদপুরে হামের উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হল। এরা সবাই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে। এদের মধ্যে ফরিদপুর গোপালগঞ্জ ও রাজবাড়ীর একজন করে তিনজন, যশোরের একজন ও মাদারীপুরের দুইজন শিশু রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান জানান, শিশুটি ভর্তির সময়ই তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হলেও ফলাফল আসার আগেই শিশুটি মারা যায়। ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে হামের উপসর্গে ৪৬ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছে ১৭ জন। ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৩৯ জন রোগী। এ বছর জানুয়ারি মাস থেকে ফরিদপুরের ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মোট ৩৯৩ জন রোগী হাম উপসর্গে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এরমধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২৪ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০১ জন, বাকিরা জেলার অন্যান্য ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।