নড়াইলের নড়াগাতীতে মসজিদের অর্থ আত্মসাৎ ও মুসল্লিদের ওপর হামলা
নড়াইলের নড়াগাতী থানাধীন মাউলী মধ্যপাড়া জামে মসজিদের অর্থ আত্মসাৎ, অনিয়ম এবং হামলার অভিযোগ এনে স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মসজিদ কমিটির বর্তমান সভাপতি মো. আবুল বাশার (৫৫)। অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১৬ মাস আগে মাউলী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মো. আবুল বাশার। দায়িত্ব নেওয়ার পর তিনি মসজিদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব পর্যালোচনা করতে গিয়ে বিভিন্ন অনিয়মের তথ্য পান বলে অভিযোগ করেন। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ভুয়া মুক্তিযোদ্ধা সাবেক সভাপতি আইয়ুব হোসেনের কাছে মসজিদের আনুমানিক ২০ লাখ টাকা জমা রয়েছে। এছাড়া মসজিদের প্রায় দুই বান্ডিল টিন ব্যক্তিগত গোয়ালঘরে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় কাইয়ুম শেখ প্রায় ৩ লাখ টাকার রড ও সিমেন্ট মসজিদে দান করলেও সেই মালামাল ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগকারী আরও জানান, মসজিদের সম্পদের হিসাব ও অর্থ ফেরত দেওয়ার বিষয়ে একাধিকবার আলোচনা করা হলেও অভিযুক্তরা কোনো সদুত্তর দেননি। বরং বিষয়টি নিয়ে প্রশ্ন তোলায় মসজিদের ইমামকে অশালীন ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী, গত ২২ মে ২০২৬ তারিখ রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসল্লিদের সামনে অর্থ জমা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলাকালে বাকবিতণ্ডার একপর্যায়ে তার ওপর হামলা করা হয়। এতে তিনি আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে রাসেল সরদারের নিকট জানতে চাইলে তিনি বলেন, দুইজনের মাঝে মসজিদের হিসাব নিয়ে মারামারি হয়েছে শুনেছি। এ বিষয়ে সঠিক তদন্ত করে বিচারের দাবি জানান। মাউলী ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার মিজানুর রহমান বলেন, এ বিষয়ে আমি সহ গ্রামবাসী শালিস করেছি, কিন্তু কোনো সমাধানে যেতে পারিনি। এ বিষয়ে অভিযুক্ত আইয়ুব হোসেন বলেন, যে অভিযোগ করেছে সে আমার আপন বড় ভাইয়ের ছেলে। সে যা বলেছে, সব মিথ্যা ও ভিত্তিহীন। এ বিষয়ে নড়াগাতী থানার ওসি আব্দুল রহিম বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত রয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।