চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৭’শ গ্রাম হেরোইনসহ ৪ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের রেহাইচর ফুলকুড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ৭’শ গ্রাম হেরোইনসহ সাবেক ইউপি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) বেলা ৩টার দিকে পৌর এলাকার ফুলকুড়ি স্কুলের পাশে চরবাগডাঙা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাষ্টিকের প্যাকেটে রাখা প্রায় ২ কেজি ৭’শ গ্রাম হেরোইন এবং হেরোইন পাকেজিংয়ের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় হেরোইন ছাড়াও নগদ ২৪,৩২০ টাকা, ৬টি মোবাইল ফোন, স্বর্ণ ও রুপার আংটি, ডিজিটাল ওয়েট মেশিন এবং হেরোইন প্যাকেটিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। মাদক কারবারী বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী ও দুই ছেলেকে আটক করে পুলিশ। রবিবার বিকাল সাড়ে চারটায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আটককৃত হেরোইনের মূল্য প্রায় আড়াই কোটি টাকা বলে পুলিশ জানায়। এবিষয়ে চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, আব্দুর রহমান তাদের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তিনি আরও বলেন, তাকে সহ তার দুই সন্তান এবং স্ত্রী তারাও তার এই মাদক ব্যবসার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বলে আমাদের কাছে তথ্য ছিল। তার স্ত্রী তার বাড়িতে মাদকের এই প্যাকেটিং করা থেকে শুরু করে বিভিন্ন কাজে জড়িত এবং ছেলেরা মাদক সরবরাহের কাজ করত। এই চারজনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে বিগত এক মাস থেকে বিভিন্নস্থানে মাদক বিরোধী অভিযানে বিভিন্ন মাদক উদ্ধার এবং মাদক কারবারীদের গ্রেফতার করা হয়েছে। জেলায় মাদক কারবার ও সেবন নিয়ন্ত্রণে নিরলস কাজ করে যাচ্ছে জেলা পুলিশ বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।