বুধবার, নভেম্বর ০৪, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি ০৮ জুলাই ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ০৮ জুলাই ২০২৬ ০৬:২৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শিক্ষার্থীদের মাঝে মাদকের কুফল বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষে মাদকবিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। মঙ্গলবার (৭ জুলাই) সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজে এসব অনুষ্ঠান হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে কলেজের অধ্যক্ষ মো. গোলাম ফারুক (মিখুন)’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।


বিশেষ অতিথি ছিলেন ডিএনসি উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান, কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক আজাদ আলী এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট আজমাইন মাহতাব। জেলা প্রশাসক বলেন, মাদক শুধু একটি পরিবার নয়,


একটি সমাজ ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে পড়াশোনার কোনো বিকল্প নেই। তিনি বলেন, মাদকের কারণে তরুণদের ভবিষ্যৎ ও সৃজনশীলতা নষ্ট হচ্ছে। মাদক ব্যবসায়ীদের তথ্য স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানাতে সবার প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কাজ করার এবং সাংস্কৃতিক চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।


শেষে মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশিত হয়। এ সময় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন এবং মেধাবী ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিগণ। শিক্ষার্থীদের মাঝে মাদকবিরোধী প্রচারপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন ও শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।