রাজশাহীতে থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের ‘৬ষ্ঠ সম্প্রীতি ও স্কাউট গ্রুপ ক্যাম্প
উৎসবমুখর পরিবেশে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের আয়োজনে ‘৬ষ্ঠ সম্প্রীতি ও স্কাউট গ্রুপ ক্যাম্প’। “সম্প্রীতি ও দক্ষতা উন্নয়নে আলোকিত সমাজ বিনির্মাণ” প্রতিপাদ্যে শুক্রবার (২৪ জুলাই) রাজশাহীর নওদাপাড়াস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজন ৮০ জনের অধিক কাব, স্কাউট, রোভার ও স্কাউটার অংশগ্রহণ করেন। পতাকা উত্তোলন এবং নতুন স্কাউট সদস্যদের দীক্ষা প্রদানের মাধ্যমে মূল অনুষ্ঠানমালার আনুষ্ঠানিকতা শুরু হয় সকাল ৭টায়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহীর শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ চেয়ারম্যান এম এ মান্নান খান। তিনি বলেন, স্কাউট এমন একটি সমাজ সেবামূলক সংগঠন যারা ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে একত্রে কাজ করে এবং দেশের যে কোন ক্লান্তি লগ্নে তারা তাদের দক্ষতার ওপর ভিত্তি করে সমাজের কল্যাণে কাজ করে থাকে। রাজশাহীতে থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপ সমাজ সেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশেষ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শেখ সাইদুর রহমান, বিশেষ স্কাউট ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মোঃ ওয়াহিদুজ্জামান, সহকারি অধ্যাপক ও স্কাউট ব্যাক্তিত্ব মোঃ আ. লতিফ, স্কাউট ব্যাক্তিত্ব মোঃ নফিস আহাম্মাদ। পরে শুরু হয় অত্যন্ত আকর্ষণীয় ও রোমাঞ্চকর ‘তাবুকলা ও রান্না’ কার্যক্রম, যেখানে সদস্যরা দলগতভাবে রান্নার কৌশল ও তাবুশিল্পের দক্ষতা প্রদর্শন করেন। বিকেলে অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা ও শিখনলব্ধ বিষয়গুলো নিয়ে লগবই লিখন সম্পন্ন করেন। পরবর্তীতে তাবু গুটানো, পতাকা নামানো এবং আনুষ্ঠানিক সমাপ্তির মাধ্যমে সমাপ্ত হয় দিনব্যাপী ক্যাম্পটি। ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ এবং রাজশাহী জেলা রোভারের সাবেক কমিশনার প্রফেসর ড. মো: ইলিয়াছ উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন স্টার ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সভাপতি সালেহ হামিম ও স্কাউট ব্যক্তিত্ব জাফরুল ইসলাম ফারুক, থ্রি স্টার ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ক্যাম্প চিফ সালেহ আহম্মদ। সিনিয়র রোভার মেট মোঃ ইহতেশামুল আলম-এর সুচারু পরিচালনায় সমগ্র আয়োজনটি অত্যন্ত শৃঙ্খলিত ও সফলভাবে সম্পন্ন হয়।