রবিবার, আগস্ট ১৭, ২০২৭
ডাকাতের রামদার কোপে ভ্যানচালকের ফুসফুস ক্ষতবিক্ষত

কানসাট-গোমস্তাপুর সড়কে ভ্যানচালকের ওপর ডাকাত দলের হামলা

নিজস্ব প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ॥ ১৫ আগস্ট ২০২৬ ০৭:৩২ অপরাহ্ন
কানসাট-গোমস্তাপুর সড়কে ভ্যানচালকের ওপর ডাকাত দলের হামলা

চাঁপাইনবাবগঞ্জের কানসাট-গোমস্তাপুর সড়কে এক ভ্যানচালকের ওপর দুর্ধর্ষ হামলার ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সন্ধ্যার অন্ধকারে পথরোধ করে রামদা দিয়ে কুপিয়ে তাঁর ফুসফুস ক্ষতিগ্রস্ত করা হয়েছে খবর পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের পুষকুনি এলাকায় কানসাট-গোমস্তাপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালকের নাম রাজপতি (৩৫)। তিনি ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের নামো মুশরীভুজা বিন্দুপাড়া গ্রামের ওকিলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ শেষে রাজপতি শিবগঞ্জ এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। পথে পুষকুনি এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা ধারালো রামদা দিয়ে তাঁর পিঠে এলোপাতাড়ি কোপ দেয়। একটি গভীর আঘাত তাঁর শরীর ভেদ করে ফুসফুসে মারাত্মক ক্ষত সৃষ্টি করে বলে চিকিৎসকরা জানিয়েছেন। রক্তাক্ত অবস্থায় রাজপতি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, প্রাথমিক চিকিৎসার সময় তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে মনে হয়। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে গুরুতর আঘাতের বিষয়টি ধরা পড়ে। অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, কানসাট-গোমস্তাপুর সড়কের বিভিন্ন নির্জন অংশে দীর্ঘদিন ধরে ছিনতাইকারী ও ডাকাত চক্রের তৎপরতা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর সাধারণ মানুষ ও যানবাহন চালকদের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দেয়। তারা সড়কে পুলিশি টহল বৃদ্ধি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমান বলেন, “একজন ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার ঘটনা ঘটেছে। তাঁর ভ্যানটি উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিকে প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “ঘটনাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে সংঘটিত হয়েছে নাকি পূর্বপরিকল্পিত হামলা, তা তদন্ত করে দেখা হচ্ছে। এখনো ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” এদিকে, ঘটনার নেপথ্যে সক্রিয় ছিনতাইকারী বা ডাকাত চক্র জড়িত থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে চাইছে না পুলিশ। একজন অসহায় শ্রমজীবী ভ্যানচালকের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।