চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবা-চোলাইমদ ও ওয়াশসহ গ্রেপ্তার-২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বিমান (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার রহনপুর পৌরসভার হঠাৎপাড়া-২ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার বিমান ওই এলাকার জারমানীর ছেলে। ডিএনসির প্রেসনোটে জানানো হয়, ডিএনসির উপ-পরিদর্শক মামুনুর রশীদের নেতৃত্বে অভিযান চালিয়ে বিমানের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
অপর এক অভিযানে জেলার গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৫ লিটার চোলাইমদ ও ৩০০ লিটার ওয়াশসহ সূর্য শিং (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার ভোরে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটিয়া ভাটাপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার সূর্য শিং ওই এলাকার মৃত কাশিনাথ শিং ও মৃত চিন্তা দাসীর ছেলে। সে রহনপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক উৎপাদন-বিক্রির বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। মাদক কারবার ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।