মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কাটিমন আমগাছ কেটে ফেলার অভিযোগ

শিবগঞ্জ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৬ ০৫:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে রাতের আঁধারে কাটিমন আমগাছ কেটে ফেলার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগানের আটটি কাটিমন জাতের আমগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এর মধ্যে তিনটি গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। বাকি পাঁচটি গাছের অর্ধেক কেটে দেওয়া হয়েছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বাগান মালিক। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লাদিয়ার মাঠে আমবাগানটিতে গাছ কাটার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তাঁরা বাগান মালিককে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে গাছগুলোর এমন অবস্থা দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিক সুকচাঁন আলী। সুকচাঁন আলী উপজেলার ওমরপুর গ্রামের মৃত আবু তালেবের ছেলে। তিনি অভিযোগ করেন, পাশের জমির মালিকের সঙ্গে আমগাছ নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁর বিরোধ চলছিল। এ নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল। তাঁর ধারণা, ওই বিরোধের জের ধরে রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলা হয়েছে। স্থানীয় কয়েকজন বলেন, মানুষের সঙ্গে মানুষের বিরোধ থাকতে পারে। কিন্তু সেই বিরোধের জেরে গাছের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এবিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিউর রহমান বলেন, ঘটনাটি জানা নেই, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে, রাতের আঁধারে গাছ কেটে ফেলা অপরাধ।