নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নাটোরের বাগাতিপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলার পেড়াবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশাররফ হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ হায়দার রশিদ সোনা এবং বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সভাপতির বক্তব্যে ইউএনও মো. শামসুল ইসলাম বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ মোকাবিলায় করণীয় সম্পর্কে মানুষকে বাস্তব ধারণা দিতেই এ আয়োজন করা হয়েছে। প্রতিবছর অগ্নিকাণ্ডে দেশে বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ ও নির্বাপণের সঠিক পদ্ধতি জানা থাকলে ক্ষয়ক্ষতি কমিয়ে দেশের সম্পদ রক্ষা করা সম্ভব। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং যথাযথ প্রস্তুতি গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো যায়। অনুষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের ধারণা দেওয়া হয়। পাশাপাশি দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জানমালের ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।