শিবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের চুহার বিল এলাকায় একটি আমবাগানের দক্ষিণ পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের তত্ত্বাবধানে এস.আই (নিরস্ত্র) হরেন্দ্রনাথ দেবদাশ এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালান। এসময় ৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, গোমস্তাপুর উপজেলার চৌডালা সোনাপাড়া এলাকার মৃত আব্দুল মণ্ডলের ছেলে মো. নুরুল হুদা (৬০) এবং বিরামপুর এলাকার মো. ফোরুর ছেলে মো. গোলাম রাব্বানী (৪০)। পুলিশ জানায়, বুধবার (২৮ অক্টোবর) রাত ৯টার দিকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে।