মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
নিজস্ব প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ ০৫:৫৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্মকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদ্যাপন উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন, জেলা জাসাসের সভাপতি ও গীতিকার লেখক মোহাঃ জোনাব আলী, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ গোলাম মোস্তফাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মানবমুক্তির কবি। তাঁর সাহিত্য ও সংগীতের প্রতিটি ক্ষেত্রে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ এবং মানুষের প্রতি ভালোবাসার বার্তা রয়েছে। নজরুলের আদর্শ ও চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে শিক্ষার্থীদের নজরুলের সাহিত্য, সংগীত ও দর্শন সম্পর্কে জানতে এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক অনন্য প্রতিভা। তাঁর লেখনীতে বিদ্রোহ, প্রেম, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার অপূর্ব সমন্বয় ঘটেছে। নজরুলের সাহিত্যকর্ম শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়, বরং সব সময়ের মানুষের জন্য প্রাসঙ্গিক। নতুন প্রজন্মকে নজরুলের জীবন ও কর্মের সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাঁর মানবিক মূল্যবোধ নিজেদের জীবনে ধারণ করতে হবে। সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, সংগীত ও সমাজ সংস্কারে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি নজরুল বর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে বক্তারা নজরুলের অসাম্প্রদায়িক, মানবিক ও সাম্যবাদী চেতনা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।