শনিবার, নভেম্বর ২৮, ২০২৭

গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৬ ০৩:৪০ অপরাহ্ন
গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াসিম আকরাম। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমেদ, জামায়াতে ইসলামীর জেলা কর্ম পরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি, বিএনপি নেতা সাজ্জাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, খামারি ও আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, খামারিদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ খাতের টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, নিয়মিত চিকিৎসাসেবা এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।