সড়ক ডাকাতি ও মাদক প্রতিরোধে গোমস্তাপুরে পুলিশ-সেনাবাহিনীর সভা
সড়ক ডাকাতি ও মাদক প্রতিরোধে গোমস্তাপুরে পুলিশ-সেনাবাহিনীর সভা
সড়ক ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোমস্তাপুর থানা পুলিশের উদ্যোগে স্থানীয় জনগণের অংশগ্রহণে এক সচেতনামূলক আলোচনা সভা হয়েছে। রবিবার বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর মোড়ে অনুষ্ঠিত সভায় পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত থেকে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ দমনে করণীয় বিষয়ে বক্তব্য দেন। সভায় চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদসহ সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। সম্প্রতি রহনপুর-আড্ডা সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রাতের বেলায় ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা এবং মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অভিযোগ বৃদ্ধি পাওয়ায় এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে গোমস্তাপুর থানা পুলিশ। সচেতনামূলক সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। এতে বক্তব্য রাখেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক, উপজেলার দায়িত্বরত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শারার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাবেক পুলিশ কর্মকর্তা ইসমাইল হোসেন, রহনপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট শারার বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে অপরাধীরা কোনোভাবেই অপকর্ম চালাতে পারবে না। তিনি ভয় না পেয়ে অপরাধীদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান এবং সড়কে সেনাবাহিনীর টহল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান। অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বলেন, রাতের বেলায় রহনপুর–আড্ডা ও আড্ডা-বড়দাদপুর সড়কে গোমস্তাপুর থানা পুলিশের টহল জোরদার রয়েছে। সীমিত জনবল ও যানবাহনের কথা উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় তিনি দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান। সভায় সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। স্থানীয় বাসিন্দারাও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সঙ্গে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।