৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও ফেয়ারডিল সিরাপ উদ্ধার
মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মদ ও নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার হয়েছে। পৃথক ২টি অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে ৫৩ বিজিবি সদস্যরা। চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ৫৩ বিজিবির অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। অপর এক অভিযানে একই রাত পৌনে ১২ টার দিকে একই গ্রামে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মদ ও ফেয়ারডিল সিরাপের আনুমানিক বাজার মূল্য ৪৭ হাজার ৩’শ টাকা। জব্দকৃত মদ ও সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। উল্লেখ্য, চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ০১ জন আসামীসহ ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৩৬ বোতল মদ জব্দ করা হয়। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে ৫৩ বিজিবি বলেও জানান ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক।