শুক্রবার, আগস্ট ০৭, ২০২৭

নানা আয়োজনে গোমস্তাপুরে মহান মে দিবস পালিত

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০২ মে ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন গোমস্তাপুর
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০২ মে ২০২৬ ০৫:০৫ অপরাহ্ন
নানা আয়োজনে গোমস্তাপুরে মহান মে দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে গোমস্তাপুরে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। বক্তব্য রাখেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আনোয়ারুল ইসলাম, হাবিবুল্লাহ হাবিবসহ অনেকে। অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পৃথক একটি র‌্যালি বের করে। র‌্যালিটি রহনপুর কলেজ মোড় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আশরাফুল ইসলাম ও শ্রমিক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিকে, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগেও দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। সকালে রহনপুর বাগদুয়ারপাড়া কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। র‌্যালিতে শত শত নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন। তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইনসাব সভাপতি মো. সায়েদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক তাজামুল হক তজু, কার্যনির্বাহী সদস্য আকতারুজ্জামান ও সদস্য নাজিম আকতার মাসুম প্রমুখ। বক্তারা মে দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের ৮ ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং ন্যায্য মজুরি প্রদান সময়ের দাবি। নির্মাণ শ্রমিকদের পেশাগত ঝুঁকি মোকাবিলায় বীমা সুবিধা ও সরকারি সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, “ইমারত নির্মাণ শ্রমিকরা দেশের অবকাঠামো উন্নয়নের মেরুদণ্ড। তাদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন অব্যাহত থাকবে।” শেষে শ্রমিকদের সার্বিক কল্যাণ, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে এবং মৃত শ্রমিকদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।