শনিবার, নভেম্বর ২৮, ২০২৭

শিক্ষার আলো ছড়ানো এক মহীরুহ ভোলাহাটের দানবীর ইউসুফ আলী মহাজন

মুঃ শফিকুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি) ০৩ জুন ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
মুঃ শফিকুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি) ০৩ জুন ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন
শিক্ষার আলো ছড়ানো এক মহীরুহ ভোলাহাটের দানবীর ইউসুফ আলী মহাজন

ইতিহাসের পাতায় কিছু মানুষের নাম শুধু ব্যক্তি হিসেবে নয়, একটি যুগের প্রতিনিধি হিসেবেও অমর হয়ে থাকে। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার এমনই এক কিংবদন্তি ব্যক্তিত্ব দানবীর ইউসুফ আলী মহাজন। নিজের সম্পদ ও সামর্থ্যকে ব্যক্তিগত ভোগ-বিলাসে নয়, মানুষের কল্যাণে উৎসর্গ করে তিনি হয়ে উঠেছিলেন শিক্ষা, মানবতা ও সমাজসেবার এক উজ্জ্বল প্রতীক। ১৮৭০ সালে ভোলাহাট উপজেলার বজরাটেক গ্রামে জন্মগ্রহণ করেন ইউসুফ আলী মহাজন। পিতা গেন্দু মোন্না ও মাতা সোহাগী বিবির স্নেহধন্য এই সন্তান পেশাগত জীবনে একজন সফল ব্যবসায়ী ছিলেন। কিন্তু তাঁকে ইতিহাসে অমর করেছে তাঁর অদম্য মানবপ্রেম ও জনকল্যাণে অসাধারণ অবদান। একসময় গ্রামাঞ্চলে শিক্ষা ছিল অনেকটাই নাগালের বাইরে। সেই অন্ধকার দূর করার স্বপ্ন দেখেছিলেন ইউসুফ আলী মহাজন। তাঁর বিশ্বাস ছিল, একটি শিক্ষিত সমাজই পারে জাতির ভাগ্য পরিবর্তন করতে। সেই চিন্তা থেকেই তিনি একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে এ অঞ্চলে শিক্ষার বিপ্লব ঘটান। ১৯৬৫ সালে ভোলাহাট উপজেলায় স্ত্রী সবজা বিবির নামে প্রতিষ্ঠা করেন বজরাটেক সবজা পাইলট উচ্চ বিদ্যালয়। এরপর ১৯৬৭ সালে গোমস্তাপুর উপজেলার রহনপুরে এককালীন দাম দিয়ে তার নিজের নামে প্রতিষ্ঠা করেন রহনপুর ইউসুফ আলী কলেজ, যা আজও উত্তরাঞ্চলের অসংখ্য শিক্ষার্থীর উচ্চশিক্ষার অন্যতম বাতিঘর হিসেবে পরিচিত। কলেজটি সাম্প্রতিক সময়ে সরকারিকরন হয়েছে। শুধু তাই নয়, ১৯৬৮ সালে একমাত্র পুত্র সোলেমান মিয়ার নামে শিবগঞ্জ উপজেলার কানসাটে প্রতিষ্ঠা করেন কানসাট সোলেমান ডিগ্রি কলেজ। এছাড়াও মুশরীভুজা ইউসুফ আলী স্কুল ও কলেজসহ বিভিন্ন এলাকায় তাঁর উদ্যোগে গড়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান, যা যুগের পর যুগ জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। শিক্ষার পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের ক্ষেত্রেও ছিল তাঁর অনন্য অবদান। সুপেয় পানির সংকট নিরসনে তিনি বিভিন্ন গ্রামে অসংখ্য কূপ ও ইন্দারা নির্মাণ করেন। তাঁর এসব উদ্যোগ শুধু মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করেনি বরং সমাজকল্যাণে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। স্থানীয় প্রবীণদের ভাষ্য, ইউসুফ আলী মহাজন ছিলেন অত্যন্ত বিনয়ী, উদার ও জনদরদি মানুষ। মানুষের কষ্ট দেখলে তিনি চুপ করে থাকতে পারতেন না। সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া ছিল তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। ১৯৭৩ সালের ১২ জানুয়ারি ১০৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। নিজ বাড়ির আঙিনায় তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। মৃত্যুর অর্ধশতাব্দীরও বেশি সময় পর আজও তাঁর স্মৃতি বেঁচে আছে তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং মানুষের ভালোবাসার মধ্য দিয়ে। ভোলাহাটের মানুষ গর্বভরে বলেন, ইউসুফ আলী মহাজনের মতো দানবীরের জন্ম এই জনপদে হয়েছিল বলেই আজও শিক্ষা ও মানবতার আলো জ্বলছে বহু ঘরে। তিনি প্রমাণ করে গেছেন, মানুষের প্রকৃত পরিচয় তার সম্পদে নয় বরং সমাজের জন্য রেখে যাওয়া অবদানেই। সময়ের পরিক্রমায় অনেক নাম হারিয়ে গেলেও দানবীর ইউসুফ আলী মহাজনের নাম উত্তরবঙ্গের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা বিস্তার, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে তাঁর অবদান আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে যুগের পর যুগ। ভোলাহাটের এই মহৎ সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করছেন সর্বস্তরের মানুষ।