নওগাঁয় বৃদ্ধার ৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট ॥ রাজশাহী হাসপাতালে মৃত্যু
নওগাঁয় বিশেষভাবে সম্মোহোনের মাধ্যমে এক বৃদ্ধাকে অজ্ঞান করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়েছে একটি চক্র। পরবর্তীতে ঐ ফাতেমা খাতুন (৬৯) নামের ঐ বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দায়েরকৃত জিডি এবং পারিবারিকভাবে জানা গেছে, নওগাঁ শহরের উকিলপাড়া (গাড়িয়াল পাড়া) নিবাসী অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম এবং তাঁর স্ত্রী ফাতেমা খাতুন প্রায়ই একসাথে বাজার করেন এবং বিভিন্ন হোটেলে খাওয়া দাওয়া করেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুন/২৬ মঙ্গলবার সকাল ১১টায় বাসা থেকে বের হন। মিষ্টি খাওয়ার জন্য মিষ্টিপট্টি মিষ্টান্ন ভান্ডারে গিয়ে রিক্সা থেকে নামেন। নামার সাথে সাথে ৩৫/৪০ বছর বয়সের মোটা সোটা এক নারী দৌড়ে এসে ফাতেমা খাতুনকে সালাম দিয়ে খুব আপন মানুষ হিসেবে একান্তে আসে। প্রথমে জানতে চায় আপনার বাসা ভাড়া দিবেন কিনা। না বললে পুনরায় বলে আপনার আশেপাশে কোন বাসা ভাড়া পাওয়া যাবে কিনা। তখন ফাতেমা খাতুন বলে যে আশে পাশে ভাড়া পাওয়া যাবে। এর মধ্যে অধ্যাপক শহিদুল ইসলাম মিষ্টান্ন ভান্ডারের ভিতরে প্রবেশ করেন। এদিকে, বাসা দেখার নাম করে ঐ প্রতারক নারী ফাতেমা খাতুনকে তাদের পরিকল্পিত রিক্সায় করে অজ্ঞাতস্থানে চলে যায়। প্রফেসর শহিদুল ইসলাম তাঁর স্ত্রী'কে আর খুঁজে পাননি। এদিকে, দুপুরে এক অজ্ঞাত বৃদ্ধা মহিলাকে শহরের কোমাইগাড়ী সাবেক ভাগার (মলফ্যালা) এলাকায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। এক সময় পথচারীদের এক মহিলা চিনতে পেরে তাঁকে বাড়ীতে পৌঁছে দেন। ঐ চক্র ফাতেমা খাতুনের ৩ ভরি ওজনের একটি মোটা সোনার চেইন, একজোড়া কানের দুল, হাতের দুটি আংটি ছিনিয়ে নেয়। হাতের চুরি চেষ্টা করেও খুলতে পারেনি। ছিনিয়ে নেয়া স্বর্নলংকারের মুল্য প্রায় ৮ লাখ টাকা। এ ছাড়াও হ্যান্ড ব্যাগে নগদ ৫/৬ হাজার টাকা ছিল। দুপুর দেড়টায় পরিবারের লোকজন তাকে মারাত্মক অসুস্থ্য অবস্থায় নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার আরও অবনতি হলে ২৪ জুন তারিখে তাকে আইসিইউ'তে নেয়া হয়। ২৫ জুন/২৬ সাড়ে ৮টায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন। ময়না তদন্ত শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।