হারারে টেস্টে জিম্বাবুয়ের বড় লিড, বাংলাদেশকে হারের চোখ রাঙানি
হারারে টেস্টের দ্বিতীয় দিনটিও হতাশায় কেটেছে বাংলাদেশের। একমাত্র টেস্টের প্রথম দিনে বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে দ্বিতীয় দিনে থেমেছে ৪১০ রানে। ফলে বিশাল রানের লিড পেয়েছে স্বাগতিকরা। এরপর আবার ব্যাটিংয়ে নেমে শেষবেলায় উইকেট হারিয়ে আরও চাপ বাড়িয়েছে টাইগাররা। সোমবার (২৯ জুন) হারারে টেস্টের দ্বিতীয় দিন শেষে আবারও ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৪০ রান তুলেছে বাংলাদেশ। দিনশেষে এখনও ২৩০ রানে পিছিয়ে টাইগাররা। প্রথম ইনিংসে ২০ রান করা সাদমান ইসলাম এবার ৯ রান করে এনগারাভার বলে আউট হয়েছেন। তৃতীয় দিনে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক আবারও ব্যাট করতে নামবেন। জয় ২১ ও মুমিনুল ৯ রান নিয়ে দিন শেষ করেছেন। এর আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ওপেনার ইনোসেন্ট কাইয়ার সেঞ্চুরিতে ভর করে বড় স্কোর গড়েছে। কাইয়া ২২৭ বলে ১৭ চারে ১৪০ রান করেন। আরেক ওপেনার বেন কুরান করেন ৪২ রান। ব্রায়ান বেনেট ৫৯, ক্রেইগ আরভিন ৬০ করে আউট হন। সাতে নেমে দারুণ ব্যাটিং করেছেন ওয়েসলি মাধেভেরে। সঙ্গের অভাবে শেষ পর্যন্ত ৮ চারে ৭৭ রান করে অপরাজিত থাকেন তিনি। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪০.২ ওভারে ১৩৮ রান খরচায় ৭ উইকেট শিকার করেন। খালেদ আহমেদ শিকার করেন ২ উইকেট।