বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৭
‘এরফান গ্রুপ’ এর সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট

চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি ॥ ২০ আগস্ট ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন খেলাধুলা
নিজস্ব প্রতিনিধি ॥ ২০ আগস্ট ২০২৬ ০৭:০৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন।  বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্য মো. তোফিকুল ইসলাম তোফা, ‘দৈনিক চাঁপাই দর্পণ’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আশরাফুল ইসলাম রঞ্জু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ রফিকুল আলমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


মতবিনিময় সভায় আসন্ন টুর্নামেন্টটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা চাওয়া হয়। এছাড়া টুর্নামেন্টের প্রস্তুতি, আয়োজন ও খেলা পরিচালনা সংক্রান্ত নানা বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয় সভায়। সভায় জানানো হয়, জেলা শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপ’ এর সার্বিক সহযোগিতায় এবং পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিতব্য ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এ রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ফাইনালসহ মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আন্তঃজেলা পর্যায়ের দলগুলোও এতে অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রতিটি ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মনোনীত রেফারিরা। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। তিনি আরও বলেন, এই টুর্নামেন্টকে উৎসবমুখর ও সফল করতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা অপরিহার্য। সভায় উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মীরা টুর্নামেন্টের প্রচার-প্রচারণা, দর্শক সম্পৃক্ততা বৃদ্ধি এবং সুষ্ঠু পরিবেশে খেলা আয়োজনের বিষয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং ‘এরফান গ্রুপ’ এর পৃষ্ঠপোষকতায় ২১ আগষ্ট শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর শুভ উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বীতা করবে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বনাম ভোলাহাট উপজেলা ফুটবল দল।