গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ॥ শহীদ তারেক হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার চৌডালা ইউনিয়নের একমাত্র জুলাই শহীদ তারেক হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৫ আগষ্ট) সকালে দক্ষিণ ইসলামপুর কবরস্থানে শহীদ তারেক হোসেনের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. ওয়াসিম ফিরোজ এবং গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। পরে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া কার হয়। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ নুরে আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা ও সাবেক মেয়র তারেক আহমদ, সাংবাদিক নেতা আসাদুল্লাহ আহমদ, রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকিসহ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতৃবৃন্দ। সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।