চাঁপাইনবাবগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পথচারী জখম-গ্রেপ্তার এক
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ফুড অফিস মোড় এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ায় মোঃ হেলাল (১৬) নামের এক কিশোরকে ছুরিকাঘাত করেছে এক ছিনতাইকারী। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকেই অভিযুক্ত ছিনতাইকারী সাফিয়ানকে (২৪) গ্রেপ্তার করেছে। এই তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন পিপিএম। ওসি সাংবাদিকদের জানান, মঙ্গলবার (০৪ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৯টার দিকে পথচারী হেলাল ছিনতাইয়ের মুখে পড়লে সে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ছিনতাইকারী সাফিয়ান তার পেটে ছুরিকাঘাত করে। হেলাল চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়ার মোঃ নয়নের ছেলে। আর অভিযুক্ত সাফিআন রাজশাহী জেলার চারঘাট থানার নন্দনগাছী গ্রামের মোঃ মুকুলের ছেলে। ঘটনার সময় পাশে ডিউটিরত পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীকে গ্রেপ্তার করেন এবং আহত হেলালকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে ভর্তি করেন। পরবর্তীতে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এবিষয়ে ওসি মোঃ একরামুল হোসাইন জানান, আটককৃত ছিনতাইকারীর বিরুদ্ধে দস্যুতা ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীন ভিকটিম হেলাল বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।