নাচোলে মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও সমাবেশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২১নং ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈধ ও আইনানুগ পরিচালনা কমিটির বিরুদ্ধে মিথ্যা অভিযোগকারী শহিদুল ইসলাম রিপনের কথিত মানববন্ধনের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক, শিক্ষার্থী ও নবগঠিত পরিচালনা কমিটির সদস্যগণের অংশগ্রহণে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার নাচোল ইউপি'র ভাতসা গ্রামবাসীর আয়োজনে ভাতসা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান,
মোসাঃ সাথী, অভিভাবক ও কমিটির সদস্য বুলবুলি বেগম বলেন, সম্প্রতি বৈধ ও সরকারি পরিপত্র অনুযায়ী ২১ নং ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে মাত্র এক ভোট পাওয়া সভাপতি প্রার্থী শহিদুল ইসলাম রিপন মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মিথ্যা অভিযোগে গত ১১আগস্ট একটি লোক দেখানো মানববন্ধন করেন। এরই প্রেক্ষিতে ১২ আগস্ট বুধবার স্থানীয় গ্রামবাসীর আয়োজনে শিক্ষার্থী, অভিভাবক ও নবগঠিত কমিটির সদস্যগণ পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। অভিযোগের বিষয়ে ভাতসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম জানান, সরকারি বিধি মোতাবেক স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবিষয়ে প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিঞা জানান, সরকারি বিধি মোতাবেক-২১নং ভাতসা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্কুল পরিচালনা কমিটি গঠন করা হয়। পরে কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ পেলে সহকারি শিক্ষা অফিসার মাকশুদুল হককে তদন্ত ভার দেওয়া হয়। তদন্তে অভিযোগ প্রমানীত না হওয়ায় নবগঠিত কমিটির বৈধতা নিশ্চিত করা হয়েছে। তবে পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি জেনেছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।