বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৭

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল। “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে হলে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, উন্নত জাতের গবাদিপশু উৎপাদন এবং খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহযোগিতা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, দেশের চাহিদা পূরণের পাশাপাশি প্রাণিসম্পদ পণ্য বিদেশে রপ্তানির উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। খামারিদের পাশে দাঁড়িয়ে এ খাতের সম্ভাবনাকে কাজে লাগানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতি সচল রাখা, মানুষের পুষ্টি চাহিদা পূরণ এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির অন্যতম মাধ্যম। এ খাতের টেকসই উন্নয়নে খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করতে হবে। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হেলান উদ্দিন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলাম জাকারিয়া, সদর মডেল থানার ইনচার্জ শাহিন আকন্দ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানির সম্ভাবনা বাড়াতে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানসম্মত খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশু-পাখি পালন এবং খামারিদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন। প্রদর্শনীতে জেলার বিভিন্ন এলাকার খামারিরা তাঁদের পালিত বিভিন্ন জাতের গবাদিপশু ও পাখি প্রদর্শন করেন।