গোমস্তাপুরে ডিএনসির অভিযানে চোলাইমদসহ নারী আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাইমদসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক নারী হলেন চংচো মনি (৬০)। তিনি উপজেলার পার্বতীপুর ইউনিয়নের লৈলাপুর গ্রামের বুদি কিসপট্টার স্ত্রী। অভিযানে তার কাছ থেকে ৭ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে চোলাইমদসহ চংচো মনিকে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে গোমস্তাপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।