সিসামুক্ত বাংলাদেশ গড়ার কৌশল অনুমোদন র্যাব বিলুপ্ত করে ‘এসআরবি’ গঠন ॥ অর্থবছর পরিবর্তন মন্ত্রিসভায় অনুমোদন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত খসড়া অনুযায়ী নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। এছাড়া, র্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধা, তহবিল, সম্পত্তি, রেকর্ড ও সম্পদ এসআরবির কাছে স্থানান্তরের বিধান রাখা হয়েছে। নতুন বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত বিদ্যমান র্যাব সংক্রান্ত বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল থাকবে। উল্লেখ্য, ২০০৪ সালে র্যাব গঠিত হলেও পরবর্তীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে এটি নানা সমালোচনার মুখে পড়েছিল। অর্থবছরের সময়কাল পরিবর্তন-মন্ত্রিসভার বৈঠকে বিদ্যমান অর্থবছরের সময়কাল পরিবর্তনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিনের ১ জুলাই-৩০ জুন সময়কাল পরিবর্তন করে নতুন অর্থবছর ১ এপ্রিল থেকে ৩১ মার্চ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৭-২৮ অর্থবছরকে ট্রানজিশনাল (রূপান্তরকালীন) অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে (জুলাই-মার্চ) শেষ করা হবে। এরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে পূর্ণাঙ্গভাবে নতুন সময়কাল (এপ্রিল-মার্চ) কার্যকর হবে। বর্ষাকালে অবকাঠামো উন্নয়ন কাজ করতে গিয়ে গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়া এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই এই পরিবর্তন আনা হয়েছে। এ লক্ষ্যে সংবিধান ও জেনারেল ক্লজেস অ্যাক্ট সংশোধনের পাশাপাশি আর্থিক ব্যবস্থাপনার প্রযুক্তিগত পরিবর্তন আনতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে। কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতি-বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং দাম নিয়ন্ত্রণে কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে বড় ধরনের শুল্ক ছাড় দিয়েছে মন্ত্রিসভা। নির্দিষ্ট সময়ের জন্য আমদানির ক্ষেত্রে বিদ্যমান মোট করভার ৬১ শতাংশ থেকে কমিয়ে প্রজ্ঞাপন জারির প্রথম মাসে ২০.৫ শতাংশ এবং দ্বিতীয় মাসে ৩১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। সিসামুক্ত বাংলাদেশ গড়ার কৌশল অনুমোদন-জনস্বাস্থ্য রক্ষায় ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড মাল্টি ইয়ার অ্যাকশন প্ল্যান ফর এ লেড ফ্রি বাংলাদেশ’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সিসা বিষক্রিয়ার ফলে শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্যঝুঁকি এবং মস্তিষ্কের ক্ষতির হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ঢাকা শহরের ৯৮ শতাংশ শিশুর রক্তে সিসার মাত্রা উদ্বেগজনক। মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও অন্যান্য-বৈঠকে ২০২৬ সালের দ্বিতীয় ত্রৈমাসিক (মে-জুলাই) প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে জানানো হয়, বর্তমান সরকারের ১৭টি বৈঠকে নেওয়া ১০৮টি সিদ্ধান্তের মধ্যে ৮০টি (৭৪ শতাংশ) বাস্তবায়িত হয়েছে। বর্তমান মেয়াদে জাতীয় সংসদে মোট ১০৪টি আইন পাস হয়েছে। সবশেষে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক টেস্ট জয়ে মন্ত্রিসভার পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।