চাঁপাইনবাবগঞ্জ সড়কে ঝরল ৪ প্রাণ ॥ এলাকায় শোকের ছায়া
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহীর প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার মুসলিমপুর এলাকায় এবং দুপুরে কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত এবং সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান।
এছাড়া দুপুরের দুর্ঘটনায় নিহত হন উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে ট্রাকের হেলপার আবু হায়াত ও শ্রমিক হাবিবুর রহমান কাজ শেষে কানসাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
পথে শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায় তাদের দ্রুতগতির মোটরসাইকেলটি একটি নির্মাণাধীন কালভার্টে সজোরে ধাক্কা খায়। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় আরেকটি হৃদয় বিদারক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের মুখোমুখি পড়ে যায়। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই মারা যান আসাদ আলী। গুরুতর আহত জাবের আলীকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। একই দিনে চার তরতাজা প্রাণ ঝরে যাওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে দুর্ঘটনাস্থল ও হাসপাতাল এলাকা। পরিবারগুলোর কান্না আর শোকাহত মানুষের দীর্ঘশ্বাসে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, “ভোরে নিহত আবু হায়াত ও হাবিবুর রহমানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুপুরের দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।” স্থানীয় সচেতন মহল বলছেন, নির্মাণাধীন সড়ক ও কালভার্ট এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা এবং মহাসড়কে বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা না গেলে এমন মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিতে পারে আরও প্রাণ।