চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্মেলন হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের হল রুমে শনিবার (২২ আগষ্ট) দুপুরে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার পল্লী চিকিৎসক ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ হারুনুর রশীদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব মো. সাজ্জাদ হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শাহাদাত হোসেন। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আনসারুজ্জামান। এছাড়া সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয়, পল্লী চিকিৎসকরা দেশের প্রত্যন্ত ও গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবায় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংকট থাকায় সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ ব্যবস্থাপনায় পল্লী চিকিৎসকদের ওপর অনেক মানুষ নির্ভরশীল। তবে পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণের সুযোগ, স্বীকৃতি ও কার্যপরিধি নির্ধারণ, মানসম্মত ওষুধ ব্যবস্থাপনা এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় তাদের ভূমিকা আরও কার্যকর করার বিষয়গুলো দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে। একই সঙ্গে অননুমোদিত চিকিৎসা কার্যক্রম ও ভেজাল ওষুধের ব্যবহার বন্ধে যথাযথ নিয়ন্ত্রণ এবং প্রশিক্ষিত পল্লী চিকিৎসকদের জন্য সুস্পষ্ট নীতিমালার প্রয়োজনীয়তাও গুরুত্বপূর্ণ। আয়োজকদের প্রত্যাশা, জেলা সম্মেলনের মাধ্যমে পল্লী চিকিৎসকদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি গ্রামীণ মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তাদের ভূমিকা, পেশাগত উন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা ও মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। প্রধান অতিথি মোঃ হারুনুর রশীদ বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সার্বিক বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে সংগঠনের নেতাকর্মী ও পল্লী চিকিৎসকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।