৫৯ বিজিবির অভিযানে চোরাই মোবাইলসহ আটক ১ ॥ পাতার বিড়ি জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ মোঃ আপন হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। রোববার (৪ অক্টোবর) সকাল ৭টার দিকে শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ৫৯ বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৫/২-এস থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় সোনাপুর থেকে কানসাট যাওয়ার পথে মোঃ আপন হোসেনকে ৪০টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ আটক করা হয়। আটক মোঃ আপন হোসেন শিবগঞ্জ উপজেলার সালামপুর গ্রামের বাদলের ছেলে। জব্দ করা মোবাইল ফোনগুলোর সিজার মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করেছে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চকপাড়া বিওপি থেকে ৫৯ বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৩/৪-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে নামোচকপাড়া গ্রামের পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১৪০ প্যাকেট, মোট ২ হাজার ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।