চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউজনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২২ নভেম্বর) নভেম্বর) সকাল ৬টা ৪০ মিনিটের দিকে নিজ বাড়ির সামনে একটি দোকান খুলতে গিয়ে দোকানের লোহার রডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন মা মিলিয়ারা (৪৫)। তিনি হাউজনগর গ্রামের বকুল হোসেনের স্ত্রী।
এসময় মাকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে বাঁচাতে এগিয়ে গেলে মেয়ে লিমু খাতুন (১৭) নিজেও বিদ্যুতের শকে আক্রান্ত হন। এতে ঘটনাস্থলেই তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আলী সকাল ৭টা ৪৫ মিনিটে মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন। এই বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মোঃ মতিউর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির সামনে অবস্থিত দোকানের গেট খোলার সময় সিকিউরিটি হিসেবে লাগানো লোহার রডে হাত দিলে মিলি বিদ্যুতায়িত হন। মায়ের আর্তনাদ শুনতে পেয়ে মেয়ে লিমু তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।