মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৭
সহ-সভাপতি বিজয় কুমারসহ ৬ সদস্য নির্বাচিত

রহনপুর স্টেশন বাজার সমিতি নির্বাচনে মজিবুর সভাপতি-আব্বাস সম্পাদক

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ১১ অক্টোবর ২০২৬ ০৫:০০ অপরাহ্ন
রহনপুর স্টেশন বাজার সমিতি নির্বাচনে মজিবুর সভাপতি-আব্বাস সম্পাদক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে মো. মজিবুর রহমান, সহ-সভাপতি পদে বিজয় কুমার চক্রবর্তী এবং সম্পাদক পদে মো. আব্বাস আলী নির্বাচিত হয়েছেন। এছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য পদে ৬ জন নির্বাচিত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) ভোট গ্রহণ ও গণনা শেষে প্রকাশিত ফলাফলপত্র থেকে এ তথ্য জানা গেছে। নির্বাচনে সভাপতি পদে মো. আশরাফুল ইসলাম, মো. মজিবুর রহমান ও মো. এসরাফিল প্রতিদ্বন্দ্বিতা করেন। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. সাদিকুল ইসলাম, বিজয় কুমার চক্রবর্তী ও মো. দুরুল হোদা। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো. তৌহিদুজ্জামান বাবু,


মো. আব্বাস আলী ও মো. জাহিদ হাসান মুক্তা। তিনটি পদেই তিনজন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রকাশিত ফলাফলপত্র অনুযায়ী, সভাপতি পদে মো. মজিবুর রহমান ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. আশরাফুল ইসলাম। তিনি ভোট পেয়েছেন ১৮৮। সহ-সভাপতি পদে বিজয় কুমার চক্রবর্তী ১৯৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী দুরুল হুদা ভোট পেয়েছেন ১৬৪ এবং সম্পাদক পদে মো. আব্বাস আলী ২১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌহিদুজ্জামান বাবু ভোট পেয়েছেন ১৮৮। কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত ছয়জন হলেন, মো. আমিন, মো. মাসুদ রানা (কমল কাদরি), মো. ফারুক আহমেদ, মো. সেলিম সরকার, মিলন আহমেদ রিপন ও আব্দুল মতিন। রহনপুর স্টেশন বাজারের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সমিতির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার দায়িত্ব পালন করবে নবনির্বাচিত কমিটি। ব্যবসায়ীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল করবে।