ডেঙ্গু প্রতিরোধে ৬নং ওয়ার্ডে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিম পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১২ অক্টোবর) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শান্তি মোড়, রামকৃষ্টপুর ও আশপাশের এলাকায় মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৮ নম্বর টিমের সদস্যরা ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটান এবং ডেঙ্গুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম চালান। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টিম লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এসময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. নওরোজ হুদাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া স্কাউট, রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অভিযানে সক্রিয়ভাবে অংশ নেন। অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য পৌরবাসীর প্রতি আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।