গোবিন্দগঞ্জে দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে এক আদিবাসী নিহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে লুইস মুরমু (৬২) নামে সাঁওতাল সম্প্রদায়ের এক আদিবাসী নিহত হয়েছেন। জানা গেছে, গত রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক সোয়া ৯টার দিকে দূর্বৃত্তরা লুইস মুরমুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় উপজেলার পানিতলা-কামদিয়া পাকা সড়কের শালপাড়া নামক স্থানে ফেলে রেখে যায়। পরে ওই সড়ক দিয়ে চলাচলকারী লোকজন তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু সেখানে লুইস মুরমুর অবস্থার অবনতি হওয়ায় আশংকাজনক অবস্থায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ায় স্থানান্তর করার পরামর্শ দিলে বগুড়া নিয়ে যাওয়ার পথে রাত আনুমানিক ১১টার দিকে মোকামতলা নামক স্থানে তিনি মারা যান। নিহত লুইস মুরমু গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট (হিন্দুপাড়া) গ্রামের মৃত সুরুজ মুরমুর ছেলে। গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাছুদুর রহমান আকন্দ জানান, লুইস মুরমুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দূর্বৃত্তদের ছুরিকাঘাতে লুইস মুরমু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম বলেন, ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করার পর তার মরদেহ থানায় নিয়ে আসা হয় এবং সোমবার (১২ অক্টোবর) ময়না তদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়নি। তবে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।