দায়িত্ব নিল রহনপুর স্টেশন বাজার সমিতির নবনির্বাচিত কমিটি ॥ ফুলেল শুভেচ্ছায় বরণ
উৎসবমুখর পরিবেশে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নবনির্বাচিত কমিটিকে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা রাত সাড়ে ৭টায় রহনপুর স্টেশন বাজারে সমিতির নিজস্ব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন গোলাম আকবর এবং পবিত্র গীতা পাঠ করেন বিজয় কুমার চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান বাবু। সমিতির সভাপতি নাজমুর হুদা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন তিনি। বক্তব্যে সমিতির কার্যক্রমকে গতিশীল করা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি সাজ্জাদ আলী। পরে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাঁরা আনুষ্ঠানিকভাবে আসন গ্রহণের মধ্য দিয়ে সমিতির দায়িত্বভার গ্রহণ করেন। নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ। নতুন কমিটির কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা, সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং বাজারের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা। নবনির্বাচিত নেতৃত্বের সম্মিলিত উদ্যোগে সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।