গাইবান্ধায় সার ডিলার তালিকায় আ’লীগ নেতার স্ত্রীর নাম
গাইবান্ধা সদর উপজেলায় সার ডিলার নিয়োগের অনুমোদিত তালিকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তি সোলায়মান ইসলাম এর স্ত্রীর নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার সার ডিলার নিয়োগের তালিকা অনুমোদনের কথা জানানো হয়। তালিকাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়। উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়নে সার ডিলার নিয়োগের জন আবেদন কারিদের একটি তালিকা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাকিবুল আলম কমিটির সদস্য সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তালিকা পর্যালোচনায় দক্ষিণ কামারজানি ইউনিয়নে ‘মেসার্স জুই ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের নাম পাওয়া গেছে। প্রতিষ্ঠানটির পরিচালক জুই বেগম। তিনি ওই ইউনিয়নে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোলেমান ইসলামের (মাস্টার) স্ত্রী। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকা ব্যক্তির স্ত্রীর নাম তালিকায় আসায় নিয়োগপ্রক্রিয়ায় প্রার্থীদের যোগ্যতা ও তথ্য যাচাই নিয়ে প্রশ্ন উঠেছে। গাইবান্ধা সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও মনিটরিং কমিটির সদস্য সচিব মো. রাকিবুল আলম সাংবাদিককে বলেন, নীতিমালা অনুসরণ করে প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে আগ্রহী প্রার্থীর নাম প্রস্তাব করা হয়েছে। এটি কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মেসার্স জুই ট্রেডার্সের পরিচালক জুই বেগমকে ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।