এসআরবি’র অভিযানে ডাকাতি মামলার আসামি জাকির হোসেন জনি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ হুজরাপুর এলাকা থেকে চাঞ্চল্যকর ডাকাতি মামলার মুলহোতা এজাহারনামীয় আসামি মোঃ জাকির হোসেন জনি (৩২) কে গ্রেফতার করেছে এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। এসআরবি এক প্রেসনোটে জানায়, মামলার বাদী মোঃ সাজিদ শেখ (১৮) পেশায় একজন ব্যাটারী চালিত অটো (ইজিবাইক) চালক। আসামী জনি তার পূর্ব পরিচিত। আসামী জনি বিভিন্ন পেয়ারা বাগান থেকে পেয়ারা সংগ্রহ করার কথা বলে প্রতিদিন ১,০০০ টাকা ভাড়ায় বাদীর অটো (ইজিবাইক) ভাড়া করে। সেই মোতাবেক ০৭/০৯/২০২৬ তারিখ সকাল অনুমান ০৬:৩০ ঘটিকার সময় বাদী তার ব্যাটারী চালিত অটো (ইজিবাইক) নিয়ে দামকুড়া বাজারে যায় এবং আসামী জনি'সহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামী পূর্ব পরিকল্পনা মোতাবেক বাদীকে একটি খাবার হোটেলে নিয়ে গিয়ে খিচুরী ও চায়ের সাথে চেতনানাশক ঔষধ সেবন করিয়ে বাদীর ব্যাটারী চালিত অটো (ইজিবাইক) ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় বাদীর লিখিত এজাহারের প্রেক্ষিতে আরএমপি দামকুড়া থানায় আসামী জনিসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামীর বিরুদ্ধে দস্যুতার মামলা হয়। মামলার পর হতে আসামীগণ আত্মগোপন করে পলাতক থাকে। আসামীদের গ্রেফতারের জন্য অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এসআরবি ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় এসআরবি চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল ২৬ অক্টোবর/২৬ তারিখ রাত পৌনে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর পৌরসভার ৬নং ওয়ার্ড হুজরাপুর হতে মামলার এজাহারনামীয় ১নং আসামী মূলহোতা মোঃ জাকির হোসেন জনি (৩২) কে গ্রেফতার করে। জনি রাজশাহী মহানগরের দামকুড়া থানার ভিমের ডাইং এলাকার আশগর আলী টেপার ছেলে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।