ডিএনসির অভিযানে চোলাইমদ ও অটোরিকশাসহ যুবক আটক
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাইমদ ও একটি অটো গাড়িসহ মোঃ জাহিদ হাসান সিফাত (২১) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গোমস্তাপুর উপজেলার বহমতপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালনা করা হয়। আটক জাহিদ হাসান সিফাত গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের মোঃ দুরুল হুদার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের অভিযানে তার কাছ থেকে ৩৫ লিটার চোলাইমদ ও একটি অটো গাড়ি উদ্ধার করা হয়। এ বিষয়ে ডিএনসি উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন।