শুক্রবার, নভেম্বর ০৭, ২০২৭

গোমস্তাপুরে রোগাক্রান্ত-প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০৫ নভেম্বর ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন চাঁপাইনবাবগঞ্জ
গোমস্তাপুর (নিজস্ব) প্রতিনিধি ০৫ নভেম্বর ২০২৬ ০৫:৫২ অপরাহ্ন
গোমস্তাপুরে রোগাক্রান্ত-প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত বিশেষ অনুদানের আওতায় ১০ রোগীর চিকিৎসায় ১০ লাখ টাকা এবং তিন উপজেলার ১৩ প্রতিবন্ধী ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গোমস্তাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। অনুষ্ঠানে ক্যান্সার,


কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়াসহ বিভিন্ন জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১০ রোগীর চিকিৎসার জন্য মোট ১০ লাখ টাকার অনুদান দেওয়া হয়। প্রত্যেক রোগীকে এক লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার প্রতিবন্ধী ও দরিদ্র পরিবারের ১৩ মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাসহায়তা হিসেবে ১ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। এসময় জেলা জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রহনপুর পৌর সভা নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী তরিকুল ইসলাম বকুল, জামায়াত মনোনীত ভোলাহাট উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ লোকমান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসা ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ দুটি ক্ষেত্রে এ সহায়তা সুবিধাভোগী পরিবারগুলোর জন্য বিশেষ স্বস্তি বয়ে আনবে বলে মনে করছেন স্থানীয়রা। স্থানীয়দের প্রত্যাশা, অসহায় রোগীদের চিকিৎসা এবং আর্থিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।