তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ
তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জলবায়ু সুবিচার নিশ্চিতকরণ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতিমালা বাস্তবায়নে যৌথ সহযোগিতার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি আলোকচিত্র প্রকাশ করে এ সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন এমিনে এরদোয়ান। পোস্টে তিনি উল্লেখ করেন, আন্তালিয়ায় সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১। এবারের সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বহুমুখী ঝুঁকি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য টেকসই অর্থায়ন ও বৈশ্বিক অংশীদারত্ব জোরদারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর আগে সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে তুরস্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান। সফরের প্রথম দিন সন্ধ্যায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, ওই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।