৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে ৪০৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি সদস্যরা। জব্দ করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩১৭ বোতল এস্কাফ সিরাপ, ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল মদ। এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬ হাজার ৫০০ টাকা। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল থেকে বুধবার (১৮ নভেম্বর) রাত পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধীনস্থ মাসুদপুর, ফতেপুর ও জহুরপুর বিওপির বিশেষ টহলদল এসব অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৫টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালায় মাসুদপুর বিওপির বিশেষ টহলদল। এসময় ২১৭ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। একই রাত ৯টা ৫০ মিনিটে শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালায় ফতেপুর বিওপির টহলদল। এ অভিযানে ৫৩ বোতল চকো ডিএক্স সিরাপ ও ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া বুধবার (১৮ নভেম্বর) রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায় জহুরপুর বিওপির বিশেষ টহলদল। এ সময় আরও ১০০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তিনটি অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের পাশাপাশি মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।