শনিবার, নভেম্বর ২১, ২০২৭
মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কাজের উদ্বোধন

নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ-লালমনিরহাটে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৫:১৭ অপরাহ্ন জাতীয়
বিশেষ প্রতিনিধি ১৯ নভেম্বর ২০২৬ ০৫:১৭ অপরাহ্ন
নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ-লালমনিরহাটে প্রধানমন্ত্রী

নিজেদের তৈরি স্যাটেলাইট আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে পাঠাবে বাংলাদেশ। বিজ্ঞান এবং প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া মানেই নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা, প্রযুক্তি ব্যবহারে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে আরও শাণিত করতে হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতানুগতিক চিন্তার বাইরে গিয়ে নতুন কিছু ভাবতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এসময় উদ্ভাবনী শক্তি যাতে সহায়তার অভাবে হারিয়ে না যায় সেজন্য সরকারের সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার মধ্যে এভিয়েশন হাব তৈরির লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ শুরু করেছে বলেও জানান তিনি।


এছাড়াও লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান মন্ত্রী। উদ্বোধন শেষে প্রধান মন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দিয়েছেন। তিনি লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন।


এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতি মন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের সরকারি সফরে লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাঁকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিনের প্রতীক্ষার পর প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীরা।