বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দীনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দীনের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৯শে মার্চ) বীর মুক্তিযোদ্ধা মোঃ কসিমুদ্দীন পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হয়ে ব্রেনস্ট্রোক করেন। সোমবার (৩০শে মার্চ) দুপুর ১২ঃ৩০ মিনিটে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না … রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি দুই ছেলে চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে বীর মুক্তিযোদ্ধার প্রতি উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে গার্ড অব অনারসহ শ্রদ্ধা জানানো হয়। সন্ধ্যা রাত সাড়ে ৭টায় বালিয়াডাঙ্গা গোরস্থান ঈদগাহ ময়দানে জানাজা শেষে বালিয়াডাঙ্গা কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মোঃ কসিমুদ্দীন ১৯৪০ সালের ১লা জুলাই বালিয়াডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বীরত্বের পরিচয় দেন। ভোলাহাটের মুশরিভুজা বিদ্যালয়ে সম্মুখযুদ্ধের বীরত্বগাথা মুক্তিযুদ্ধের দলিলপত্র নামক বইয়ে স্থান পায়। কর্মজীবনে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা কসিমুদ্দীন দৈনিক চাঁপাই দর্পণের বিশেষ প্রতিনিধি মারুফুল হাসানের নানা।