চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ‘হাম’ রোগীর চাপ
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ‘হাম’ রোগীর চাপ
চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রতিদিনই ‘হাম’ রোগীর চাপ বৃদ্ধি পাচ্ছে। শয্যা সংখ্যার তুলনায় বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসা সেবায় কিছুটা চাপ সৃষ্টি হলেও চিকিৎসক ও নার্সরা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩০ মার্চ (সোমবার) পূর্বে ভর্তি রোগীর সংখ্যা ছিল মোট ৭১ জন, যার মধ্যে ছেলে রোগী ৪১ জন এবং মেয়ে রোগী ৩০ জন। এদিন নতুন করে আরও ১৬ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ছেলে ১৩ জন এবং মেয়ে ৩ জন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ১১ জন রোগী। এর মধ্যে ছেলে ৭ জন এবং মেয়ে ৪ জন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ২ জন ছেলে রোগীকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। বর্তমানে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জনে। এর মধ্যে ছেলে রোগী ৪৫ জন এবং মেয়ে রোগী ২৯ জন। এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত (৩০ মার্চ ২০২৬) হাসপাতালে সর্বমোট নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৬ জনে। হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, মৌসুমি রোগের প্রাদুর্ভাব, আবহাওয়ার পরিবর্তন এবং বিভিন্ন সংক্রামক রোগের কারণে রোগীর সংখ্যা বাড়ছে। তবে সীমিত শয্যা ও অবকাঠামো সত্ত্বেও রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সচেষ্ট রয়েছে। এ বিষয়ে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আব্দুস সামাদ বলেন, “রোগীর চাপ তুলনামূলক বেশি হলেও আমরা সবাই মিলে সমন্বয়ের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছি। প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।” স্থানীয়দের দাবি, জেলার একমাত্র বড় এই হাসপাতালটিতে রোগীর চাপ বিবেচনায় আরও শয্যা বৃদ্ধি এবং চিকিৎসা সেবার পরিধি সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে।