রহনপুরে ভিজিএফ’র চাল নিতে দীর্ঘ লাইন ॥ অপেক্ষায় সহস্রাধিক মানুষ
রহনপুরে ভিজিএফ’র চাল নিতে দীর্ঘ লাইন ॥ অপেক্ষায় সহস্রাধিক মানুষ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভায় ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির চাল বিতরণ কার্যক্রম চলছে। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে পৌরসভা প্রাঙ্গণে এ চাল বিতরণ শুরু হলে উপকারভোগীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকেই নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ পৌরসভা চত্বরে এসে জড়ো হন। নির্ধারিত কার্ড হাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা চাল গ্রহণের জন্য অপেক্ষা করেন। দুপুর গড়ালেও সহস্রাধিক মানুষ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অনেককে কয়েক ঘণ্টা অপেক্ষা করে নিজেদের বরাদ্দকৃত চাল সংগ্রহ করতে হয়েছে। সরেজমিনে দেখা যায়, পৌরসভা ভবনের সামনে ও আশপাশের এলাকায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন উপকারভোগীরা। অনেক নারী শিশুদের সঙ্গে নিয়ে এসেছেন। কেউ কেউ মাথায় করে চালের বস্তা নিয়ে বাড়ির পথে রওনা দেন।

চাল নিতে আসা কয়েকজন উপকারভোগী জানান, ঈদকে সামনে রেখে এই সহায়তা তাদের পরিবারের জন্য স্বস্তি এনে দিয়েছে। তবে উপকারভোগীর সংখ্যা বেশি হওয়ায় লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। পৌরসভা সূত্রে জানা গেছে, সরকারের নির্দেশনা অনুযায়ী হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। প্রতিটি উপকারভোগীকে নির্ধারিত পরিমাণ চাল দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে সকল কার্ডধারীর মধ্যে চাল বিতরণ সম্পন্ন করা হবে। পৌরসভার সংশ্লিষ্টরা জানান, প্রশাসনের তত্ত্বাবধানে সুশৃঙ্খলভাবে এই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং প্রকৃত উপকারভোগীরা তাদের প্রাপ্য সহায়তা পান। স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে সরকারের এ ধরনের সহায়তা নিম্নআয়ের মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে উপকারভোগীর সংখ্যা বেশি হওয়ায় ভবিষ্যতে আরও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা।