অবৈধ তেল মজুদে অভিযান ॥ ২জনকে জরিমানা
মানিকগঞ্জের দৌলতপুরে জিয়নপুর বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে মৃত সামাদ-এর ছেলে আব্দুল মান্নান এর বাড়ি হতে আনুমানিক ৯০০ (নয়শত) লিটার অকটেন অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের আলামত পাওয়া যায়। এছাড়া আনুমানিক ৩০-৪০ (ত্রিশ থেকে চল্লিশ) লিটার তেল অবিক্রিত অবস্থায় আটক করা হয়। পরবর্তীতে স্থানীয় মেম্বারের উপস্থিতিতে উক্ত তেল সরকার অনুমোদিত মূল্যে সাধারণ জনগণের নিকট বিক্রয় করা হয়। এ ঘটনায় আব্দুল মান্নান অবৈধভাবে অকটেন মজুদ ও বিক্রয়ের অপরাধ স্বীকার করায় তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪ অনুযায়ী (লাইসেন্স ব্যতীত মজুদ ও বিক্রয়ের অপরাধে) অভিযুক্ত করা হয়। পরবর্তীতে উক্ত আইনের ধারা ২৩ অনুযায়ী তাকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক তা আদায় করা হয়।এছাড়াও অপর একটি দোকানে ৪০ (চল্লিশ) লিটার ডিজেল অবৈধভাবে মজুদ ও বিক্রয়ের অপরাধে ফিরোজ, পিতা: হালিম সেখ-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।