মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৭

যুদ্ধবিরতির মধ্যে প্রতিপক্ষ ভুল করলে চূড়ান্ত জবাব দেবে ইরান

দর্পণ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন আন্তর্জাতিক
দর্পণ ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ০৫:২৮ অপরাহ্ন
যুদ্ধবিরতির মধ্যে প্রতিপক্ষ ভুল করলে চূড়ান্ত জবাব দেবে ইরান

যুদ্ধবিরতির মধ্যে প্রতিপক্ষ কোনো ভুল পদক্ষেপ নিলে সশস্ত্র বাহিনী কঠোর ও চূড়ান্ত জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার-জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া। রবিবার(৫ জুলাই) তেহরানে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শেষ বিদায়ের অনুষ্ঠানের ফাঁকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। আকরামিনিয়া বলেন, ইরান তার যুদ্ধ-প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে যুদ্ধবিরতির সময়কে সবসময় কাজে লাগায়।  যুদ্ধবিরতির যেকোনো সুযোগকে আমাদের যুদ্ধক্ষমতা বৃদ্ধির কাজে লাগাই এবং আমরা এক মুহূর্তও নষ্ট করি না কিংবা উপেক্ষা করি না। আয়াতুল্লাহ আলি খামেনির বিদায় অনুষ্ঠানে ব্যাপক উপস্থিতির বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুখপাত্র আরও বলেন, আমাদের শহীদ নেতা যেমনটি বলেছিলেন, এই মানুষগুলো নির্বাচিত, ঈশ্বরের ইচ্ছায়, তারা এই বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে। চূড়ান্ত ও প্রকৃত অভিভাবক ইমাম মাহদীর হাতে তা পৌঁছে দেবে। আকরামিনিয়া এই সমাবেশের বৈশ্বিক গুরুত্ব তুলে ধরে তিনি আশা প্রকাশ করেন, জনগণের উপস্থিতি ও নেতার আত্মত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়কে নিপীড়ন ও বিশ্ব-অহংকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে। তিনি একটি দীর্ঘস্থায়ী ও ঐতিহাসিক ঘটনা সৃষ্টির জন্য জনগণের প্রশংসা করেছেন। এর আগে স্থানীয় সময় শনিবার(৪ জুলাই) ভোরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিদায় অনুষ্ঠান শুরু হয়। সেখানে শ্রদ্ধা জানাতে এবং ইসলামি বিপ্লবের আদর্শের প্রতি নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে বিপুল জনসমাগম ঘটে। এতে প্রয়াত নেতা এবং তার পরিবারের সদস্য ড. মেসবাহুলহোদা বাঘেরি কানি, সাইয়্যেদা বোশরা খামেনি, জাহরা হাদ্দাদ-আদেল এবং জাহরা মোহাম্মদি গোলপায়েগানি উপস্থিত ছিলেন। তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানগুলো রবিবার সন্ধ্যা পর্যন্ত মোসাল্লায় চলবে। আগামীকাল সোমবার(৬ জুলাই) রাজধানীতে একটি আনুষ্ঠানিক জানাজা বা শোক মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তেহরানের কর্মসূচির পর মঙ্গলবার(৭ জুলাই) মিছিলটি পবিত্র শহর কোমে নিয়ে যাওয়া হবে। এরপর বুধবার ৮ জুলাই ইরাকের নাজাফ ও কারবালা শহরে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজারে চূড়ান্ত শোক মিছিল ও আয়াতুল্লাহ আলি খামেনির দাফন সম্পন্ন হবে।