বুধবার, আগস্ট ১২, ২০২৭

এক শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট-সড়ক অবরোধ

শাহ্ আলম শাহী-দিনাজপুর ॥ ১২ আগস্ট ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন সারাদেশ
শাহ্ আলম শাহী-দিনাজপুর ॥ ১২ আগস্ট ২০২৬ ০৫:৩৩ অপরাহ্ন
এক শ্রমিক নেতার মুক্তির দাবিতে দিনাজপুরে পরিবহন ধর্মঘট-সড়ক অবরোধ


শ্রমিক নেতা মজিবুর রহমান মজিবকে গ্রেপ্তার ও শারীরিক নির্যাতন অভিযোগের প্রতিবাদে দিনাজপুরে সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছেন শ্রমিকরা। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টা থেকে শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড, সরকারি কলেজ মোড়, মেডিকেল কলেজ মোড়, বালুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড ও কোতোয়ালি থানা মোড়সহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। চরম  দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। আন্দোলনকারীদের দাবি, ‘মজিবুর রহমান মজিবকে অবিলম্বে মুক্তি দিতে হবে। একই সঙ্গে তাকে নির্যাতনের অভিযোগে সিআইডির পরিদর্শক নওবুর রহমানকে গ্রেপ্তার এবং কোতোয়ালি থানার ওসি নুর নবীকে অপসারণ করতে হবে।’ উল্লেখ্য, দিনাজপুর জেলা কৃষকদলের সদস্য সচিব ও পরিবহন শ্রমিক নেতা মজিবর রহমান মজিব। গত রোববার রাতে কোতোয়ালি থানার ওসির কক্ষে গেলে মামলার তদন্ত নিয়ে কথা বলতে আসা সিআইডি পুলিশ পরিদর্শক নওবুর রহমানের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মজিবুর ওই কর্মকর্তাকে গালে থাপ্পড় মারে। এ ঘটনায় মামলা দায়ের করেন সিআইডি পুলিশ পরিদর্শক নওবুর রহমান। পরে তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়। এঘটনার পর কেন্দ্রীয় দল থেকে প্রাথমিক সদস্যসহ মজিবকে বহিষ্কার করা হয়। সেই সঙ্গে মজিবের সঙ্গে দলের কারো সম্পর্ক না রাখার অনুরোধ জানানো হয়। অন্যদিকে, মজিবকে গ্রেফতারের পর নির্মম নির্যাতন করা হয়েছে বলে শ্রমিকদের অভিযোগ। দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক আব্দুল কাইয়ুম বলেন, “অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হবে। কিন্তু আটকের পর নির্যাতনের অভিযোগ মেনে নেওয়া হবে না। মুজিবের মুক্তি ও নির্যাতনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।” এ বিষয়ে দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যা সমাধানের আশা করছেন সংশ্লিষ্টরা।